প্রকৃতির ছড়া লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
প্রকৃতির ছড়া লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

শুক্রবার, ৩০ অক্টোবর, ২০১৫

শিশির ঝরে

টাপুর টুপুর শিশির ঝরে

টিনের চালে - পাতায়,

শিশির ঝরে শিশির ঝরে

খুকুমণির মাথায়!


শিশির ভেজা ফুলে ফুলে

প্রজাপতির মেলা,

ঘাসের বুকে হালকা রোদে

রঙিন আলোর খেলা।


পুব রাঙিয়ে সূর্য ওঠে

মিঠে রোদের কণা,

ফসল মাঠে চাষীর চোখে

স্বপ্ন আনাগোনা!

মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০১৫

স্বপ্নপুরি

চাঁদনী রাতে পাতার ফাঁকে

চাঁদের আলো পড়ছে,

মিষ্টি হাওয়া যাচ্ছে বয়ে

পাতাগুলো নড়ছে।


পাতার সাথে কালো ছায়া

নড়াচড়া করছে,

ঘাসে ঢাকা নরম মাটি

ছায়াগুলো ধরছে!


তারার মালা চাঁদের গলে

মিটিমিটি হাসছে,

চাঁদের মুখে বাড়ছে মায়া

আলোয় ভুবন ভাসছে। 


চাঁদের আলোয় মনটা ভেজা

মৃদু মৃদু দুলছে,

স্বপ্নপুরীর সোনালী দ্বার

কে যেন আজ খুলছে!

সন্ধ্যারাতে

পাক-পাখালী ক্লান্ত হয়ে

ফিরবে যখন নীড়ে,

মিনার থেকে আজান ধ্বনি

আসবে ধীরে ধীরে।


সব কোলাহল শান্ত হয়ে

নামবে নীরবতা,

ঝিঁঝিঁ পোকা নিচু স্বরে

বলবে কিছু কথা!


সন্ধাতারা আকাশ বুকে

থাকবে নীরব হয়ে,

মিষ্টি বাতাস আস্তে করে

যাবে তখন বয়ে।


জানালাটা খুলে যখন

দেখবো আমি চেয়ে,

স্বপ্ন এসে ধরবে ঘিরে

আমায় একা পেয়ে!

আলোর বাঁধন টুটে

 পুব রাঙিয়ে সূর্য এসে
করে আঁধার তাড়া,
পাকপাখালীর কলরবে
জাগে ঘুমের পাড়া!

মৃদুমন্দ হিম বাতাসে
আলতো কোমল পরশ,
শিশির ভেজা সবুজ ঘাসে
মুক্তাদানা সরস!

সদ্য ফোটা ফুল-কলিদের
মুগ্ধ করা ঘ্রাণে,
দোলা লাগে হলদে ডানার
প্রজাপতির প্রাণে!

রেণুর খোঁজে মৌমাছিদের
এক নাগাড়ে ছোটে
রাতের শেষে চুপটি করে
আলোর বাঁধন  টুটে।

জাগতে হবে ভোর বিহানে

আলোয় আলোয় যাচ্ছে ভরে চতুরদিকে,
রাতের আঁধার ধীরে ধীরে হচ্ছে ফিকে।
মোয়াজ্জিনের কণ্ঠে বাজে আযান-ধ্বণী,
তাইতো সবার জাগতে হবে এই এখনই।

ভোরের পাখি উঠলো জেগে দিচ্ছে সাড়া,
কিচিরমিচির ছন্দে জাগায় ঘুমের পাড়া।
নীড় ছেড়ে সব বাইরে এসে খাবার খোঁজে,
অলস হয়ে রয় না তারা দুচোখ বুজে।

ফুলকলিরা পাঁপড়ি মেলে ওঠলো হেসে,
মুগ্ধকরা গন্ধ তাদের আসলো ভেসে।
কে এনেছে? মৃদুমন্দ ভোরের হাওয়া,
খুব সকালে জাগলে তবে যায় যে পাওয়া।

তাইতো সবার জাগতে হবে ভোর বিহানে,
এই আহবান যাক ছড়িয়ে প্রাণে প্রাণে।